
হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা রবিবার ইসরায়েল ও দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট ৬৩টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে রকেট, ড্রোন এবং আর্টিলারি হামলা করা হয়েছে বলে জানানো হয়।
আজ সোমবার (২৩ মার্চ) ভোরের দিকে হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তবে অন্যান্য দিনের তুলনায় আজ এখনো পর্যন্ত ইসরায়েলি অবস্থানের ওপর কোনো নতুন হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি।
এদিকে, হিজবুল্লাহর হুমকির কথা উল্লেখ করে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ১,০২৯ জন নিহত এবং ২,৭৮৬ জন আহত হয়েছে। এছাড়া, এই সংঘাতের কারণে ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।