
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব কঠিন সময়। তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে দাম বাড়বে—এটা আমাদের মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে, যার ফলে সামনে তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়তে পারে।
তিনি ধর্মীয় বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। কিন্তু ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। আমরা কাজের মাধ্যমে মানুষের কল্যাণ করতে চাই, সেটাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, কিছু গোষ্ঠী মানুষকে স্বর্গে নেওয়ার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে। এসব কথায় বিভ্রান্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎভাবে জীবনযাপন করতে হবে। হালাল উপার্জন এবং নৈতিকতা বজায় রাখলেই প্রকৃত সফলতা আসবে, যোগ করেন তিনি।
খাল পুনঃখনন কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, খাল খননের কাজ স্বচ্ছ ও সঠিকভাবে করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এই প্রকল্প কৃষি, পরিবেশ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এই অজুহাতে পাম্পে ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে থাকব।
কৃষি খাতের দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে গম ও আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের এই দুর্দশা আমরা বুঝি এবং তাদের পাশে দাঁড়াতে কাজ করছি।
তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে লাখো পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে এবং আরও বহু নারীকে এই সুবিধার আওতায় আনা হবে বলেও জানান তিনি।