
ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এসেছেন। সোমবার তিনি জানান, ইরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইতিবাচক আলোচনার প্রেক্ষিতে তিনি পেন্টাগনকে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্পের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম কমে যায় এবং শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
তিনি আরও জানান, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান নিয়ে আলোচনা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনার ধরণ ও পরিবেশ বিবেচনায়’ তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন, যেন ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়।