
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া বর্তমানে চলছে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা আরও জানায়, দেশটি তার পূর্বের অবস্থানে অনড় রয়েছে এবং চলমান সংঘাতে লক্ষ্য অর্জনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, গত দুই দিনে দুই দেশের মধ্যে ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে। এমনকি তিনি জানান, এই অগ্রগতির কারণে ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
তবে ইরানের সর্বশেষ এই বিবৃতি ট্রাম্পের দাবিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে এবং দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও স্পষ্ট করেছে।
সূত্র: সিবিএস নিউজ