
টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে পোর্ট আর্থারের ‘ভ্যালেরো এনার্জি করপোরেশন’-এর শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা দেয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ জারি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সময় তাদের বাড়িঘর ও যানবাহন কেঁপে ওঠে এবং পুরো এলাকায় সালফারের মতো পচা ডিমের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির খবর হলো, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভ্যালেরো এনার্জি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোধনাগারের প্রায় ৭৭০ জন কর্মীর সবাই নিরাপদে আছেন এবং সবার খোঁজ পাওয়া গেছে। জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে।
টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করে। এদিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বাসিন্দা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে বিশেষ সতর্কতা জারি রয়েছে।