
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের জন-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদে এ সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের যে ইনডেমনিটি বা সুরক্ষা দেওয়া হয়েছে, তা আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়টি নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা হবে। সামগ্রিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
এর আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন-আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশের বিষয়ে তার দল সুপারিশ করবে না। উল্লেখ্য, বর্তমান সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য জয়নাল আবদিনের সভাপতিত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। আজ ছিল এই কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা।