
ফরাসি ফুটবলের বরপুত্র ও কিংবদন্তি জিনেদিন জিদান
ফরাসি ফুটবলে এক ঐতিহাসিক পরিবর্তনের সুর বেজে উঠেছে। দীর্ঘ ১৪ বছর ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব পালনের পর সরে দাঁড়াচ্ছেন দিদিয়ের দেশম। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ফরাসি ফুটবলের বরপুত্র ও কিংবদন্তি জিনেদিন জিদান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং জিদানের মধ্যে ইতিমধ্যে মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে।
২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দেশম ফ্রান্সকে বিশ্ব ফুটবলের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে ফরাসিরা এবং ২০২২ বিশ্বকাপে খেলে ফাইনাল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দলকে আগলে রাখা দেশমের বিদায়ের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে দলের হাল ধরবেন জিদান।
অন্যদিকে, ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর তিনি অন্য কোনো ক্লাবের প্রস্তাব গ্রহণ করেননি। ৫৩ বছর বয়সী এই কোচের জন্য ফ্রান্সের দায়িত্ব নেওয়াটা হবে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। রিয়াল মাদ্রিদে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অসামান্য সাফল্য তাকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জিদানের হাত ধরে ফ্রান্স ফুটবল এবার এক নতুন রোমাঞ্চকর অধ্যায়ের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছে।