
গ্যারান্টি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছু শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সি বা গ্যারান্টি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এই ঋণ সুবিধা মূলত কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে এবং এটি সরাসরি ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-এর মাধ্যমে বিতরণ করা হবে।
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে আয়োজিত এই বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও বাংলাদেশের শ্রমবাজার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের ফলে সাময়িকভাবে রেমিট্যান্সে সামান্য প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। বরং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশি কর্মীদের বিদেশে ভালো বেতন নিশ্চিত করতে ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
বৈঠকে ইউরোপের দেশগুলোর ভিসা জটিলতা নিরসনেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অনেক দেশের ভিসার জন্য বর্তমানে ভারত যেতে হয়, যা নিরসনে বাংলাদেশে সংশ্লিষ্ট দেশগুলোর কনস্যুলার সেবা বা অফিস চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া জাপানসহ ইউরোপের দেশগুলোতে কর্মী পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া হবে। মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর পাশাপাশি থাইল্যান্ডসহ নতুন নতুন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সরকারের জনকল্যাণমূলক কাজগুলো সোশ্যাল মিডিয়া ও মূলধারার গণমাধ্যমে বেশি বেশি প্রচারের জন্য মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।