
পাকিস্তানের ইসলামাবাদে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে গুলি করে হত্যার পর তার স্বামী মোহাম্মদ সাদিক নিজেও আত্মহত্যা করেছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববার (২২ মার্চ) ডিএইচএ ফেজ–২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
‘আউট লোফারা’ নামে টিকটকে পরিচিত সানা ও তার স্বামী দুজনই ছিলেন ‘আটকের’ বাসিন্দা। মোহাম্মদ সাদিক পুলিশের সাবেক কনস্টেবল—চাকরি থেকে আগেই বরখাস্ত হয়েছিলেন।
মার্কেটের নিরাপত্তারক্ষী জানান, তিনি গুলির শব্দ শুনে ছুটে এসে দেখেন লাল পোশাক পরা সানা মাটিতে লুটিয়ে আছেন, আর পাশে দাঁড়িয়ে থাকা প্রায় ২৪ বছর বয়সী সাদিক নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ এমএম পিস্তল ও তিনটি বুলেটের খোসা উদ্ধার করেছে।
প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে দেখা হচ্ছে। এক বছরেরও কম সময়ে ইসলামাবাদে এটি দ্বিতীয় হাই-প্রোফাইল নারী টিকটকার হত্যার ঘটনা। গত জুনে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছিল।