
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয়ের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ একাধিক সংস্কার উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, বর্তমানে দশম শ্রেণি শেষ করে পরের বছরে এসএসসি এবং একইভাবে পরের বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হওয়ায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর শিক্ষাজীবন নষ্ট হয়। এটি শিক্ষার্থী ও জাতীয় উভয় ক্ষেত্রেই বড় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। তাই নির্ধারিত বছরের মধ্যেই পরীক্ষা শেষ করার সক্ষমতা ও কাঠামো নিয়ে আলোচনা চলছে।
নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে অতীতের মতো ভবিষ্যতেও নকল দমন সম্ভব হবে। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্রসচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।