
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ভারতে পলাতক ওসমান হাদি হত্যায় জড়িত আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের বিষয়ে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”
এর আগে শ্রদ্ধা নিবেদনকালে মন্ত্রী ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইন্স থেকেই প্রথম প্রতিরোধের সূচনা হয়েছিল এবং সেই গণহত্যার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন, তাকেই বাংলাদেশের ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে উল্লেখ করেন তিনি। শহীদ পুলিশ সদস্যদের রক্তদানের মাধ্যমেই মুক্তিযুদ্ধের সশস্ত্র সূচনা হয়েছিল বলে মন্ত্রী তাঁর বক্তব্যে স্মরণ করেন।