
রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত প্রায় ৪০-৪৫ জন শ্রমিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। পাহাড়ের আঁকাবাঁকা পথ অতিক্রম করার সময় সাপছড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানিয়েছেন, বাসটিতে থাকা যাত্রীরা মূলত ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পাহাড়ি পথে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।