
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা শেষে হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ইরান, মিসর, তুরস্কসহ অঞ্চলের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে আলোচনা করার পর এই সমঝোতা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও মালয়েশিয়ার জাহাজগুলো গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহার করতে পারছে।
হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে। এর জেরে ইরান প্রণালীটির ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। তবে তেহরান জানিয়েছে, যেসব দেশকে শত্রু মনে করা হয় না তাদের জাহাজ সমন্বয়ের মাধ্যমে প্রণালী দিয়ে চলাচল করতে পারবে।
প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, মালয়েশিয়া তার বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।