
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি না হলে একটি ‘নাটকীয় সামরিক উত্তেজনা বৃদ্ধি’ ঘটতে পারে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে একটি সম্ভাব্য ‘চূড়ান্ত আঘাত’-এর লক্ষ্যে বিভিন্ন সামরিক বিকল্প প্রস্তুত করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। দুই মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি না হলে একটি ‘নাটকীয় সামরিক উত্তেজনা বৃদ্ধি’ ঘটতে পারে।
সূত্রগুলোর দাবি, সামরিক বিকল্পগুলোর মধ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ খারগ, লারাক, আবু মুসাসহ আরও কিছু দ্বীপে সম্ভাব্য অভিযান চালানো। পাশাপাশি হরমুজ প্রণালির পূর্বদিকে ইরানি তেলবাহী জাহাজ অবরোধের বিষয়টিও আলোচনায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা মনে করছেন, সংঘাতের অবসান ঘটাতে ‘অতিমাত্রায় শক্তি প্রদর্শন’ করলে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী হবে।
আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান ও মিসর দুই পক্ষের মধ্যে সংলাপ আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রাথমিক দাবিগুলো ইরান প্রত্যাখ্যান করলেও তারা এখনো পুরোপুরি আলোচনা থেকে সরে যায়নি।
তবে এসব সম্ভাব্য পরিকল্পনা থাকা সত্ত্বেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো বিকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টিকে আপাতত ‘কাল্পনিক সম্ভাবনা’ হিসেবে দেখছেন।
মিডল ইস্ট মনিটর