
ছবি: সংগৃহীত
লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা এক হাজার একশত ছাড়িয়েছে। একই সঙ্গে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে, যেখানে এক লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট এক হাজার ১১৬ জন নিহত এবং ৩ হাজার ২২৯ জন আহত হয়েছেন। ক্রমাগত বিমান হামলা ও সংঘাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সংঘাতের কারণে প্রায় ১ লাখ ৩৬ হাজার ২৬২ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বর্তমানে দেশটিতে বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ৯৭৩। পরিস্থিতির অবনতি হওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ বাড়ছে।
ক্রমাগত হামলা ও উচ্ছেদের ফলে লেবাননে এখন চরম মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের অভাবে মানবেতর জীবন যাপন করছেন দেশটির সাধারণ নাগরিকরা। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।