
ফাইল ছবি
জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এই ভূকম্পন হয় বলে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস’ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। খবর এএফপির।
জাপানের পূর্ব উপকূলে অবস্থিত হনশু দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। স্বল্প গভীরতার এই কম্পন বেশ শক্তিশালী হলেও এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগের দিন বুধবারও দেশটিতে ৪.২ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছিল।
ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থানের কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই এমন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়।
তবে নিয়মিত ভূমিকম্প হওয়ার কারণে জাপানের বাড়িঘর ও অন্যান্য স্থাপনাগুলো বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। দেশটির অবকাঠামোগত সক্ষমতা এমনভাবে সাজানো হয়েছে, যাতে সেগুলো মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পও অনায়াসে সহ্য করতে পারে। এই সতর্কতামূলক ব্যবস্থার কারণেই অনেক সময় বড় ভূমিকম্পেও জাপানে ক্ষয়ক্ষতির পরিমাণ কম থাকে।