
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে বাস
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ৪০ মিনিটে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ‘অসীম পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘মিনহাজ পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক ও হেলপারসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার ফলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ ও কিশোরগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের টিম দ্রুত উদ্ধার কাজে অংশ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে বাস দুটি জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।