
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রতি তাঁর অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
বৈঠকে সমসাময়িক বৈশ্বিক সংকট, বিশেষ করে চলমান তেল–সংকটের প্রভাব ও উন্নয়নশীল দেশগুলোর ওপর এর অসম বোঝা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব চ্যালেঞ্জ নিম্ন–আয়ের ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান। গুতেরেস আমন্ত্রণ গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকের শেষে উভয়পক্ষ টেকসই উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ–জাতিসংঘ সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।