
ছবি: সংগৃহীত
শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী ও গোয়ালপট্টি এলাকায় এই অভিযান চালানো হয়। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মজুতকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল মজুত অবস্থায় পাওয়া যায়।
পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে দাহ্য পদার্থ মজুত করার অপরাধে ব্যবসায়ী তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত ও বিক্রির অপরাধে এই দণ্ড দেওয়া হয়েছে। যেহেতু এটি জননিরাপত্তার জন্য বড় হুমকি, তাই দ্রুততম সময়ের মধ্যে সব সরঞ্জাম সরানোর আদেশ দেওয়া হয়েছে।
আদালত আরও জানিয়েছে, তেল সরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়াটি প্রশাসনের নজরদারিতে থাকবে। এছাড়া ওই ব্যবসায়ীর অন্যান্য লাইসেন্সগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। দাহ্য পদার্থ নিয়ে এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।