
তবে এই নির্দেশনায় কোন কোন দেশকে বৈরী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি
ইরান সরকার যেসব দেশকে বৈরী হিসেবে বিবেচনা করে, সেসব দেশে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে নিজেদের ক্রীড়া প্রতিনিধিদলকে বিরত রাখার নির্দেশ দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
ইরানের ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, বৈরী হিসেবে চিহ্নিত দেশগুলোতে আয়োজিত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইরানের ক্রীড়া প্রতিনিধিদল পাঠানো যাবে না। এর ফলে জাতীয় ক্রীড়া দলগুলোকেও এসব দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিতে পাঠানো হবে না।
তবে এই নির্দেশনায় কোন কোন দেশকে বৈরী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া আসরে ইরানের অংশগ্রহণ কীভাবে প্রভাবিত হবে—তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্ত ইরানের ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব মহাদেশীয় বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ বৈরী হিসেবে বিবেচিত দেশগুলোতে অনুষ্ঠিত হবে, সেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ বা বাছাইপর্বে খেলতে ইরানি ক্রীড়াবিদদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।