
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা সংসদ থেকেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে। দলটির দাবি, সনদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে প্রয়োজনে রাজপথে অবস্থান নিতেও প্রস্তুত রয়েছে তারা।
শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে আইএফইএস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দলটির কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
মিলন অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সরকার গণভোট অধ্যাদেশ বাতিলের চেষ্টা করছে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রেক্ষাপট নিয়েও আইএফইএস প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে কীভাবে সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়—তা নিয়েও বিস্তৃত আলাপ হয়। সংসদ সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আইএফইএস প্রতিনিধি দল দিকনির্দেশনা দিয়েছে বলে জানান মিলন।
তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব সরকারপ্রধানের দেয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। সরকারপ্রধানের নীরবতা ও অন্যকে দিয়ে জবাব দেওয়ার প্রক্রিয়া সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন তিনি।