
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যপথ হরমুজ প্রণালি
যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যপথ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, তাদের নৌবাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশের তিনটি বাণিজ্যিক জাহাজকে প্রবেশে বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছে। জাহাজগুলো অনুমোদন ছাড়া নির্ধারিত বন্দরে ঢোকার চেষ্টা করছিল বলে জানানো হয়। বাহিনী আরও সতর্ক করে বলেছে, প্রণালি বন্ধ থাকার এই নির্দেশ অমান্য করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। তবে তেহরান সেই দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে।
অন্যদিকে, আইআরজিসি প্রতিবেশী দেশগুলোর সাধারণ নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছে, যেসব এলাকায় মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে, সেসব স্থান দ্রুত ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যেতে।
একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ করেন, মার্কিন বাহিনী উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন হোটেল ও দপ্তরে অবস্থান করছে এবং সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।