
বিশেষ অভিযান চালিয়ে ৮০০ লিটার অবৈধ পেট্রল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে ৮০০ লিটার অবৈধ পেট্রল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম এনায়েতুর রহমান, যিনি স্থানীয় রামপুর বাজারের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দেশে চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে তিনি অবৈধভাবে পেট্রল মজুত করে চড়া দামে খুচরা বাজারে বিক্রি করে আসছিলেন বলে প্রমাণ পেয়েছে আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে এনায়েতুর রহমানের গুদাম থেকে ড্রামভর্তি ৮০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। অপরাধের সত্যতা মেলায় পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইনে তাকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী, জব্দ করা এই পেট্রল আজ শনিবার সকাল ১০টা থেকে রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. রিফাতুল ইসলাম।