
সাম্প্রতিক এক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা প্রয়োজনে সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, জেরুজালেম থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি সেনারা জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডের দিকে আসার সময় শনাক্ত করা হয়েছে। সম্ভাব্য হামলা ঠেকাতে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত দ্বিতীয় মাসে গড়ানোর পর এই প্রথম ইয়েমেন থেকে সরাসরি হামলার দাবি করল তেল আবিব। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই প্রতিহত করা হয়েছে।
এদিকে, ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আগেই সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি যুদ্ধে জড়াতে পারে। তারা আরও বলেছে, ইরানের ওপর আক্রমণ অব্যাহত থাকলে বা সংঘাতে অন্য কোনো দেশ যুক্ত হলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, অতীতে আঞ্চলিক উত্তেজনার জেরে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে হুতিরা। তবে চলমান এই সংঘাতে এতদিন তারা সরাসরি অংশ নেয়নি।
সাম্প্রতিক এক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা প্রয়োজনে সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি তারা সতর্ক করে বলেছে, লোহিত সাগরকে যদি কোনো ‘বিরোধপূর্ণ কার্যক্রমে’ ব্যবহার করা হয়, তাহলে তারও জবাব দেওয়া হবে।