
প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের কৃতি ক্রীড়াবিদদের সম্মাননা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী সোমবার থেকে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মহতী উদ্যোগের প্রথম পর্যায়ে মোট ৫০০ জন কৃতি ক্রীড়াবিদকে মাসিক ভাতার আওতায় আনা হবে।
আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি উল্লেখ করেন, যারা দীর্ঘ সময় ধরে জাতীয় পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক পদক জয় করেছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে এই ক্রীড়া ভাতা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের আরও কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে ৪৯৫টি উপজেলায় নতুন করে ক্রীড়া অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল হয়ে থাকা খেলার মাঠগুলো উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ইতিমধ্যে মাঠ উদ্ধারের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে শিশু-কিশোররা পুনরায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ ফিরে পায়। ক্রীড়াবিদদের পেশাদারিত্ব এবং জীবনমান উন্নয়নে সরকারের এই বহুমুখী পদক্ষেপ দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।