
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং দেয়াল ধসে এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। এছাড়া ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সাথে বড় আকারের শিলা পড়তে শুরু করে এবং মধ্যরাতের পর শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় সদর উপজেলার চানপাড়া এলাকার বাসিন্দা চাকাতি বালা (৭০) নিজের ঘরে অবস্থান করছিলেন। ঝোড়ো বাতাসে বসতঘরের পাশের একটি বিশাল গাছ উপড়ে ঘরের ওপর পড়লে তিনি নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকায় একটি তিন তলা বাড়ির ছাদের দেয়াল ধসে ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনির টিনের চালার ওপর পড়ে। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার (২৮ মার্চ) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঝড়ের তীব্রতা ও শিলার আঘাতে অসংখ্য ঘরবাড়ির টিনের চালা ছিদ্র হয়ে গেছে। বিশেষ করে সদর, আটোয়ারী ও বোদা উপজেলায় মাঠে থাকা ভুট্টা, গম, লিচু ও আমের মুকুলসহ বিভিন্ন রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে ওঠায় এই ঝড় ও শিলাবৃষ্টির সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১ এপ্রিল জেলাজুড়ে আবারও প্রবল বেগে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির উচ্চ আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় জেলার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।