
মেয়েকে নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান
বক্স অফিসে ‘বর্ডার ২’ নিয়ে যখন চারদিকে জয়জয়কার, ঠিক তখনই নিজের ব্যক্তিজীবনের এক কঠিন সংগ্রামের কথা প্রকাশ্যে আনলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। লড়াকু এই অভিনেতা জানিয়েছেন, তাঁর দেড় বছরের মেয়ে লারা এক বিরল হাড়ের সমস্যায় ভুগছে, যার কারণে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না।
২০২৪ সালের ৩ জুন বরুণ ও নাতাশা দালালের কোল আলো করে আসে লারা। বাবা হওয়ার পর বরুণের জীবন বদলে গেলেও মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি বরাবরই চুপ ছিলেন। তবে সম্প্রতি ‘বি আ ম্যান, ইয়ার’ পডকাস্টের এক পর্বে মেয়ের শারীরিক সমস্যার কথা অত্যন্ত খোলামেলাভাবে শেয়ার করেছেন তিনি।
বরুণ জানান, লারার ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (DDH) ধরা পড়েছে। এই রোগে শিশুর হিপ জয়েন্ট বা নিতম্বের হাড় সঠিক জায়গায় বসে না বা সরে যায়। এর ফলে একটি পা অন্যটির চেয়ে ছোট বা বড় মনে হতে পারে এবং হাঁটার ভঙ্গি অস্বাভাবিক হয়ে যায়। সঠিক সময়ে চিকিৎসা না হলে ভবিষ্যতে এটি আর্থ্রাইটিস বা স্লিপ ডিস্কের মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

বাবা হওয়ার পর মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরই চুপ ছিলেন
মেয়ের চিকিৎসার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে বরুণ বলেন, “লারাকে দীর্ঘ সময় ‘স্পাইকা কাস্ট’ নামক এক বিশেষ ধরনের প্লাস্টারের মধ্যে থাকতে হয়েছে। প্রায় আড়াই মাস ধরে তার পুরো শরীর প্লাস্টারে বাঁধা ছিল। তাকে অ্যানেসথেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, আর যখন সে জেগে উঠল, দেখল পুরো শরীর প্লাস্টারে ঢাকা। বাবা হিসেবে সেই দৃশ্য দেখা ছিল চরম যন্ত্রণার।”
তবে আশার কথা হলো, লারার কোনো সার্জারি করতে হয়নি। বিশেষ চিকিৎসা প্রক্রিয়ায় তার হিপ জয়েন্ট ঠিক জায়গায় বসানো সম্ভব হয়েছে এবং সে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এই পুরো অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছাও প্রকাশ করেছেন অভিনেতা।
বরুণ স্পষ্ট করে বলেছেন, তিনি কারও সহানুভূতি পাওয়ার জন্য এই তথ্য শেয়ার করেননি। ভারতে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অন্য মা-বাবাদের সতর্ক করতেই তিনি মুখ খুলেছেন। তিনি অনুরোধ করেছেন, কোনো শিশু যদি হাঁটতে গিয়ে অস্বাভাবিকতা দেখায়, তবে যেন তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়।
পর্দার লড়াইয়ে বরুণকে সর্বশেষ দেখা গেছে ‘বর্ডার ২’ ছবিতে, যা বর্তমানে নেটফ্লিক্সে ব্যাপক সাড়া ফেলেছে। সানি দেওল ও দিলজিৎ দোসাঞ্জসহ একঝাঁক তারকার সঙ্গে এই সিকুয়েলে বরুণের অভিনয় দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে।