
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সলিড-ফুয়েল চালিত ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এসময় উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর এনবিসির।
বিশ্লেষকদের মতে, এই পরীক্ষা ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আরও বড় ও আধুনিক করতে চান কিম।
প্রকাশিত ছবিগুলোতে মিসাইল টেস্ট সেন্টারে তদারকি করতে দেখা যায় কিম জং উনকে। দাবি করা হয়, নতুন ইঞ্জিনটি কার্বন ফাইবারের তৈরি। যা দিয়ে সর্বোচ্চ আড়াই হাজার কিলোটন থ্রাস্ট পাওয়া যাবে।
নতুনভাবে উন্নত করা এই ইঞ্জিনে কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটির সর্বোচ্চ থ্রাস্ট প্রায় ২,৫০০ কিলোটন, যা গত সেপ্টেম্বরের অনুরূপ পরীক্ষায় ছিল প্রায় ১,৯৭১ কিলোটন।
বিশ্লেষকদের ধারণা, ইঞ্জিনের শক্তি বাড়ানোর এই প্রচেষ্টা একটি ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড বসানোর পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত, যাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বাড়ে।
এর আগে, দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে কিম জং উন উত্তর কোরিয়াকে স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাস ও আগ্রাসনের’ অভিযোগে অভিযুক্ত করেন।
তবে ঠিক কখন বা কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কেসিএনএ।
জানা গেছে, দেশটির পাঁচ বছর মেয়াদী সামরিক শক্তি বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে, যার লক্ষ্য কৌশলগত হামলা সক্ষমতা আরও উন্নত করা।