
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে ওই কোল্ড স্টোরেজে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর নাগাদ হিমাগারটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাথে সাথে নিকটবর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ৮টিতে উন্নীত করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। কোল্ড স্টোরেজের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, উদ্ধারকারী দল তা নিবিড়ভাবে খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘন ধোঁয়ার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।