
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য নিশ্চিত করেছেন
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য নিশ্চিত করেছেন।
মিটার চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এবং চার্জ প্রত্যাহার করার দাবি ছিল।
সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, ‘ গ্রাহকদের দাবির বিষয়টি নিয়ে বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যেহেতু একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করা আমাদের লক্ষ্য, তাই এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বিদ্যুত বিলের পেছনে গ্রাহকদের মাসিক খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার চার্জ হিসেবে গুনতে হয়। গ্রাহকদের মূল অভিযোগ ছিল— মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে এই চার্জ কেন নেওয়া হবে। চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল।