
তেল আবিব ও হাইফা শহরে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে শনিবার তেল আবিব ও হাইফা শহরে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবের কেন্দ্রস্থল হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে ১৩ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা জনশৃঙ্খলা বিঘ্নিত করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ মানেনি।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ যাদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে চিহ্নিত করেছে, তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, উত্তরাঞ্চলীয় শহর হাইফার হোরেভ জংশনে প্রায় ১০০ জন অংশগ্রহণকারীর আরেকটি বিক্ষোভ থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখানেও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।