
ফাইল ছবি
সরকারি অফিসগুলোতে শৃঙ্খলা ফেরানো, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৯ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রেও যেন এই সময়সীমা বিঘ্নিত না হয়, সেদিকে কঠোর নজর দিতে বলা হয়েছে। মূলত জনসাধারণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতেই এই সময়টুকু অফিসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জাতীয় আহ্বানের অংশ হিসেবে বলা হয়েছে, দিনের বেলা পর্যাপ্ত আলো থাকলে বাতি ব্যবহার কমিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর জোর দিতে হবে। অফিসের এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।
এছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় এবং কর্মঘণ্টা শেষে কম্পিউটার, প্রিন্টার, এসি ও ফ্যানসহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলেও জানানো হয়।
অফিস কক্ষের পাশাপাশি করিডোর, টয়লেট, সিঁড়ি ও সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ১১টি নির্দেশনা সঠিকভাবে পালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি বা মনিটরিং করার জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করতে বলা হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলা ও দাপ্তরিক কাজে গতিশীলতা আনতেই সরকারের পক্ষ থেকে এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।