
বুড়িগঙ্গার ঘাটে ‘লাল’ উৎসব
ভোরের আলো ফোটার আগেই বুড়িগঙ্গার তীরে শুরু হয় এক অন্যরকম কর্মব্যস্ততা। কুয়াশাভেজা সকালে নদীর ঢেউয়ের তালে তালে ঘাটে এসে ভিড়ছে দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা শত শত ট্রলার। সবুজের আবরণে ঢাকা লাল টকটকে রসালো তরমুজের গন্ধে ম ম করছে পুরো ওয়াইজঘাট এলাকা।
বরিশাল থেকে বরগুনা—দূর-দূরান্তের খেত থেকে আসা এই তরমুজগুলোই এখন রাজধানীর রসদ। বুড়িগঙ্গার পাড়ে যেন লেগেছে এক রঙিন ‘লাল উৎসব’। সেই উৎসবের কিছু খণ্ডচিত্র নিয়ে আজকের ফটো স্টোরি।

নৌপথে তরমুজের ঢল
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নৌপথে প্রতিদিন ওয়াইজঘাটে এসে ভিড়ছে তরমুজভর্তি শত শত ট্রলার।

ভোরের ব্যস্ততা
পুরান ঢাকার ওয়াইজঘাটে ভোর থেকেই জমে ওঠে তরমুজের বিশাল পাইকারি বাজার।

খালাসের ধুম
একের পর এক ট্রলার থেকে নামানো হচ্ছে হাজার হাজার তাজা তরমুজ।

ঘাটে কর্মযজ্ঞের ব্যস্ততা
নদীর কূল ঘেঁষে নোঙর করা ট্রলারগুলো থেকে সারিবদ্ধভাবে তরমুজ নামাতে ব্যস্ত শত শত শ্রমিক। কাঁধে করে তরমুজ কূলে পৌঁছে দেওয়ার এই বিরামহীন কর্মযজ্ঞে পুরো ওয়াইজঘাট এলাকা এখন মুখরিত।

তরমুজের বাম্পার ফলন
এ বছর দক্ষিণাঞ্চলে তরমুজের বাম্পার ফলন হয়েছে, তাই বাজারে এসেছে তরমুজের জোয়ার।

পাইকারি হাঁকডাক
সাশ্রয়ী মূল্যে সেরা তরমুজটি কিনতে খুচরা বিক্রেতারা এখন দারুণ ব্যস্ত।

দক্ষিণের মানসম্মত তরমুজ
বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা থেকে আসছে সবচেয়ে বড় এবং মানসম্মত সব তরমুজ।

নজরকাড়া গুণ
রঙ, আকার আর মিষ্টি স্বাদে এই তরমুজগুলো শুরুতেই কেড়ে নিচ্ছে ক্রেতাদের নজর।

সরগরম ওয়াইজঘাট
তৃষ্ণা মেটানো এই রসালো ফলের আগমনে ওয়াইজঘাট এখন সরগরম। দক্ষিণাঞ্চলের কৃষকের ঘাম আর পাইকারি বিক্রেতাদের হাঁকডাকে এই ‘লাল উৎসব’ চলবে পুরো মৌসুম জুড়ে।