
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে তিনি দিল্লি যাবেন। নতুন সরকারের কোনো মন্ত্রীর এটিই প্রথম দিল্লি সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে দিল্লি হয়ে মরিশাস যাবেন। তার এই গুরুত্বপূর্ণ সফরে সঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও তার সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে।
দিল্লি অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। এসব বৈঠকে কানেক্টিভিটি, বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।