
ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাব অনুযায়ী আজ সোমবার (৩০ মার্চ) এ তারিখ চূড়ান্ত করেছে শিক্ষামন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তারিখ অনুমোদন করেছেন। শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। মাদরাসা ও কারিগরি বোর্ডে আগে থেকেই এই পদ্ধতি চালু ছিল। ফলে এ বছর মোট ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণার পাশাপাশি এসএসসি পরীক্ষার সময়সূচীও পুনঃনিশ্চিত করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।