
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ইরান যুদ্ধের প্রতি স্পষ্ট অবস্থান জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ইরান যুদ্ধে কোনো সেনা পাঠাবে না লন্ডন। সাংবাদিকদের তিনি বলেন, “এটা আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়াব না।”
স্টারমার জানান, যুক্তরাজ্যের লক্ষ্য শুধু ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে মিত্রদের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া। তবে সরাসরি সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই তাদের।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করতে ব্রিটেন কাজ চালিয়ে যাচ্ছে। তবুও প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।”
যুদ্ধের বাইরে থাকার ঘোষণা দিলেও যুক্তরাজ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন। পাশাপাশি ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ যুদ্ধবিমানও মোতায়েন রয়েছে।
সূত্র: আল-জাজিরা