
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (৩০ মার্চ) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্যের বরাত দিয়ে জানানো হয়, কৌশলগত এই জলপথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ইরানকে নির্দিষ্ট হারে ফি প্রদান করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া ইরানের ওপর আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর জাহাজ চলাচলের ওপরও কড়াকড়ি বা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইতিমধ্যে এই টোল ব্যবস্থার ঘোষণা প্রচার করা হয়েছে এবং প্রতিবেশী দেশ ওমানের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান এই জলপথকে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে আন্তর্জাতিক মহলে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে।
বিবিসি নিউজসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরানের এই পদক্ষেপ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।