
যেখানে প্রত্যেক মানুষ যেন নিজস্ব একটি ‘তথ্যের মহাবিশ্বে’ বাস করছে, অনেকটা গোলকের ভেতরে স্বাধীনতা উপভোগের মতো
ডিজিটাল যুগে আমরা ভাবি ইন্টারনেট আমাদের বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। কিন্তু বাস্তবতা অনেক সময় তার উল্টো। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম আমাদের এমন এক অদৃশ্য ঘেরাটোপে আটকে ফেলে, যেখানে আমরা কেবল সেই তথ্যই দেখি যা আমাদের মতামতকে সমর্থন করে। এই ঘটনাকেই বলা হয় ‘ফিল্টার বাবল’। প্রশ্ন হলো- বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং গণতান্ত্রিক সংস্কৃতির ওপর এর প্রভাব কতটা গভীর?
ফিল্টার বাবল কী?
ফিল্টার বাবল ধারণাটি প্রথম জনপ্রিয় করেন ইন্টারনেট বিশ্লেষক এলি প্যারিসার। এটি মূলত এমন একটি ডিজিটাল ব্যবস্থা, যেখানে অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ, ক্লিক, সার্চ হিস্ট্রি ও আচরণ বিশ্লেষণ করে তাকে একই ধরনের তথ্য বারবার দেখাতে থাকে। ফলে ব্যবহারকারী ধীরে ধীরে ভিন্ন মতামত বা বিকল্প দৃষ্টিভঙ্গি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই প্রক্রিয়ায় মানুষের তথ্য গ্রহণের পরিধি সংকুচিত হয় এবং একটি বুদ্ধিবৃত্তিক বিচ্ছিন্নতা তৈরি হয়। গবেষণা বলছে, অ্যালগরিদমিকভাবে বাছাই করা কনটেন্ট মানুষকে এমন একটি কমফোর্ট জোনে আটকে রাখে, যেখানে নিজের মতের বিপরীত হতে পারে এমন কোনো তথ্য প্রায় পৌঁছায়ই না ব্যবহারকারীর কাছে।
ফলে একটি ডিজিটাল বাস্তবতা তৈরি হয়- যেখানে প্রত্যেক মানুষ যেন নিজস্ব একটি ‘তথ্যের মহাবিশ্বে’ বাস করছে, অনেকটা গোলকের ভেতরে স্বাধীনতা উপভোগের মতো।
বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ ও ফিল্টার বাবল
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই তীব্র মেরুকরণ রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম এই বিভাজনকে নতুন মাত্রা দিয়েছে।
ফেসবুক, ইউটিউব বা টিকটকের অ্যালগরিদম ব্যবহারকারীর রাজনৈতিক পছন্দ বুঝে তাকে একই ধরনের রাজনৈতিক কনটেন্ট বেশি দেখানো হয়ে থাকে। ফলে ধীরে ধীরে একটি ইকো চেম্বার তৈরি হয়- যেখানে মানুষ কেবল নিজের মতের মানুষদেরই শুনতে পায়। মন-মননে সহিষ্ণুতা চর্চার আর সুযোগ হয়ে ওঠেনা।
এই পরিস্থিতিতে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়-
১. মতামতের কঠোরতা বৃদ্ধি – ( কঠোরতা আর দৃঢ়তা এক্ষেত্রে সমার্থক নয় ) – সহজ বাংলায়, আমি যা বলছি তাই চূড়ান্ত, আমি যা ভাবছি তাই চূড়ান্ত – এমন প্রবণতা।
এক কথায়, মানুষ নিজের মতামতকে আরও বেশি সত্য মনে করতে শুরু করে।
২. বিপরীত মতের প্রতি অসহিষ্ণুতা
অন্য রাজনৈতিক মতকে শত্রু হিসেবে দেখা শুরু হয়।
৩. ডিজিটাল মবিলাইজেশন
সামাজিক যোগাযোগমাধ্যম দ্রুত জনমত তৈরি করতে পারে, যা অনেক সময় বাস্তব রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেয়।
গবেষণা দেখিয়েছে, সামাজিক মাধ্যমের ব্যক্তিগতকৃত কনটেন্ট মানুষকে মতাদর্শগতভাবে আলাদা গ্রুপে ভাগ করে দেয় এবং এই বিভাজন রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তুলতে পারে।
বাংলাদেশে নির্বাচন, আন্দোলন বা রাজনৈতিক বিতর্কের সময় এই প্রভাব বিশেষভাবে দৃশ্যমান হয়।

অ্যালগরিদম ও মিসইনফরমেশন: সত্য ও মিথ্যার লড়াই
ফিল্টার বাবল কেবল মতামতের বৈচিত্র্য কমায় না- এটিভুল তথ্য ছড়িয়ে পড়ার জন্যও উর্বর ক্ষেত্র তৈরি করে দিতে সক্ষম।
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের প্রধান লক্ষ্য হলো এনগেজমেন্ট—অর্থাৎ ব্যবহারকারীকে যত বেশি সময় প্ল্যাটফর্মে রাখা যায়। তাই যে ধরনের পোস্ট বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে—রাগ, ভয়, উত্তেজনা- সেগুলোই ছড়িয়ে পড়ে বেশি- খুব স্বাভাবিকভাবেই।
ফলে তিনটি সমস্যা তৈরি হয়-
১. নিশ্চিতকরণ পক্ষপাত
মানুষ নিজের বিশ্বাসের সঙ্গে মিল আছে এমন খবর সহজে বিশ্বাস করে।
২. ভাইরাল ভ্রান্ত তথ্য
ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ে কারন তা আবেগকে উসকে দেয়।
৩. রাজনৈতিক প্রোপাগান্ডা
ডিজিটাল প্রচারণা সহজ হয়ে যায়।
গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের রিকমেন্ড করা (সুপারিশভিত্তিক) অ্যালগরিদম ব্যবহারকারীদের একই ধরনের কনটেন্ট বারবার দেখিয়ে মতামতের বিভাজনকে আরও গভীর করতে পারে।
বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক প্রচারণা, গুজব বা ষড়যন্ত্রতত্ত্বের দ্রুত বিস্তার এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে।

নীতিগত আলোচনার প্রয়োজন: কী করা যেতে পারে?
এই সমস্যার সমাধান কেবল প্রযুক্তিগত নয়- এটি রাজনৈতিক ও সামাজিকও। কয়েকটি নীতিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।
১. ডিজিটাল লিটারেসি বাড়ানো
মানুষকে শেখাতে হবে—
• কীভাবে ভুয়া খবর শনাক্ত করতে হয়
• কীভাবে বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করতে হয়
• আর অ্যালগরিদম কীভাবে কাজ করে
২. প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ
সরকার ও নীতিনির্ধারকদের উচিত—
• অ্যালগরিদমিক স্বচ্ছতা নিশ্চিত করা
• ভ্রান্ত তথ্য মোকাবিলার নীতিমালা তৈরি করা
• সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর জবাবদিহিতার জায়গা বাড়ানো
৩. অ্যালগরিদমিক বৈচিত্র্য
কিছু গবেষক প্রস্তাব করেছেন—প্ল্যাটফর্মগুলো এমন অ্যালগরিদম তৈরি করতে পারে, যা ব্যবহারকারীদের সামনে ইচ্ছাকৃতভাবে ভিন্ন মতামতের কনটেন্টও তুলে ধরবে। এতে তথ্যের বৈচিত্র্য বাড়তে পারে।
মোদ্দা কথা হলো, ফিল্টার বাবল কোনো কাল্পনিক ধারণা নয়- এটি ডিজিটাল যুগের একটি বাস্তব রাজনৈতিক ও সামাজিক সমস্যা। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন নাগরিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছে, তেমনি তা নতুন ধরনের বিভাজনও তৈরি করেছে।
প্রশ্ন হলো- আমরা কি একটি উন্মুক্ত ডিজিটাল জনপরিসর গড়ে তুলতে পারবো, নাকি প্রত্যেকে নিজ নিজ ‘তথ্যের বুদবুদে’ বন্দি হয়ে যাবো?
গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের ওপর।