
গুলিবিদ্ধ প্রবাসীর গাড়ি। ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন এক সৌদি প্রবাসী। এ সময় তার বহনকারী মাইক্রোবাসে গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আষাড়িয়ারচর ব্রিজে পৌঁছালে তার মাইক্রোবাসটির গতিরোধ করে ৪টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।
এ সময় দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাইক্রোবাসের চালক ফিরোজ মিয়া ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়। এতে তারা পুরোপুরি ডাকাতি সম্পন্ন করতে পারেনি। গুলিবর্ষণের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে, বিষয়টি যাচাই করা হচ্ছে।
তিনি আরও জানান, এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।