
ছবি: সংগৃহীত
ইসরায়েলের অতর্কিত হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল জামশিদ এশাগি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
নিহত জেনারেল এশাগি দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি হামলায় জেনারেল এশাগির সঙ্গে তার পরিবারের সদস্যরাও প্রাণ হারিয়েছেন। তবে নিরাপত্তা ও কৌশলগত কারণে হামলার নির্দিষ্ট স্থান, সময় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি তেহরান। এখন পর্যন্ত ইসরায়েল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য বা দায় স্বীকার করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক সূত্রগুলো এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলকেই দায়ী করছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন প্রদেশে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এর আগে ইসফাহান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার খবর পাওয়া গিয়েছিল। জেনারেল এশাগির মৃত্যুর ঠিক কয়েকদিন আগেই আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
টানা কয়েক দফায় শীর্ষ সামরিক কর্মকর্তাদের টার্গেট করে এই ধরনের হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে পুরো অঞ্চলজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।