
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন বিকেলে কয়েকশ মানুষ ঝাড়ু হাতে নিয়ে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সম্প্রতি জাতীয় সংসদে একটি ‘ভুয়া ধর্ষণের’ ঘটনা উপস্থাপন করেছেন এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। সমাবেশে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের ভিত্তিহীন ও অনভিপ্রেত বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।
তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।
সমাবেশ থেকে আব্দুল হান্নান মাসউদকে তার বিতর্কিত বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে বিরত থাকার জন্য তাকে হুঁশিয়ারি দেন স্থানীয় নেতৃবৃন্দ। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বিক্ষোভকারীরা।