
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট নিষেধাজ্ঞায় আটকে পড়া কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির জন্য আশার আলো নিয়ে এলো জাজিরা এয়ারলাইন্স। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ১১ এপ্রিল থেকে কুয়েত-দাম্মাম-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে এই বেসরকারি বিমান সংস্থাটি।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন এই বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। আগামী ১১ এপ্রিল থেকে কুয়েতের মিসরেফ ৮ নম্বর প্লে-গ্রাউন্ড থেকে যাত্রীদের জন্য সৌদি আরবের ট্রানজিট ভিসা, বাস সার্ভিস এবং বিমান সেবা নিশ্চিত করা হবে। একইভাবে ঢাকা থেকেও আটকে পড়া প্রবাসীরা এই রুটে কুয়েতে ফিরতে পারবেন। আগ্রহী যাত্রীরা ট্রাভেল এজেন্সি এবং জাজিরা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
সাধারণ প্রবাসীদের পাশাপাশি যারা ভিজিট ভিসায় পরিবার নিয়ে এসেছেন অথবা জরুরি চিকিৎসার প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক, তাদের সৌদি ট্রানজিট ভিসা প্রাপ্তিতে বিশেষ সহযোগিতা প্রদান করছে বাংলাদেশ দূতাবাস।
এদিকে ফ্লাইট চালুর খবরে স্বস্তি ফিরলেও যাতায়াত খরচ নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রবাসীরা। ভুক্তভোগীদের দাবি, সরাসরি ফ্লাইটের তুলনায় দাম্মাম, রিয়াদ বা জেদ্দা হয়ে যাতায়াতে বর্তমানে অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে। বর্তমানে এই রুটে বাংলাদেশ বিমানের সীমিত ফ্লাইট থাকলেও সিট সংকটের কারণে ভাড়ার চাপ সাধারণের নাগালের বাইরে চলে গেছে।
যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে এই রুটে অবিলম্বে বাংলাদেশ বিমানের বিশেষ এবং বড় ধারণক্ষমতাসম্পন্ন ফ্লাইট পরিচালনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েত সরকার ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে চরম বিপাকে পড়েন ছুটিতে থাকা এবং টিকিট কেটে অপেক্ষমাণ কয়েক হাজার প্রবাসী। এই মানবিক সংকট নিরসনে জাজিরা এয়ারলাইন্সের সাথে সমন্বয় করে বিশেষ এই ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস।