
মাওলানা মিজানুর রহমান আজহারি
‘বিতর্কিত’ মন্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অ্যাডলফ হিটলারের প্রশংসা এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগে বুধবার (১ এপ্রিল) তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অফ ফেইথ’ (বিশ্বাসের উত্তরাধিকার) শীর্ষক একটি সিরিজ সেমিনারে অংশ নিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল আজহারির। সোমবার রাতে ব্রিসবেনে তার প্রথম প্রোগ্রাম শুরু হলেও সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া থেকে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন বলে নিশ্চিত করেছে ডেইলি মেইল।
ডেইলি মেইলের তথ্যমতে, আজহারি তার বিভিন্ন আলোচনায় অ্যাডলফ হিটলারের নারকীয় কর্মকাণ্ডকে সমর্থন করে তাকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, ইহুদিরা হলো বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তারা মানবতার জন্য একটি ‘বিষাক্ত কলঙ্ক’ স্বরূপ। শুধু তাই নয়, তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এইডস রোগের আবিষ্কারক হিসেবে সরাসরি ইহুদি সম্প্রদায়কে দায়ী করেছেন এবং তার বক্তব্যে ইহুদিদের ‘অমানুষ’ হিসেবে চিত্রায়িত করে তিনি এই সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন।
প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালে করা আজহারির এসব মন্তব্যে তিনি হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞের প্রশংসা করে বিদ্বেষ ছড়িয়েছেন। আর সেসময়ে দেওয়া তার বক্তব্যগুলোকে ভিত্তি হিসেবে ধরে অস্ট্রেলিয়া সরকার তার ‘লেগাসি অফ ফেইথ’ শীর্ষক সফর চলাকালীন সময়েই ভিসা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানানো প্রতিবেদনে।
অনলাইনে প্রায় ১০ মিলিয়ন অনুসারী থাকা এই ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী বাংলাদেশিদের মাঝে অত্যন্ত জনপ্রিয়।
সফরসূচি অনুযায়ী, ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তাঁর নির্ধারিত বক্তব্য দেওয়ার কথা থাকলেও ভিসা বাতিলের কারণে তা স্থগিত হয়ে গেছে।
প্রতিবেদনে মিজানুর রহমান আজহারির পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া তুলে ধরা হয়নি।