
ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক।
আজ বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচের শুরু থেকেই নেপালের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বলের দখল আর মাঝমাঠের নিয়ন্ত্রণে ফয়সাল-মোর্শেদরা শুরুতেই কোণঠাসা করে ফেলে হিমালয়ের দেশটিকে।
ম্যাচের সপ্তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় বাংলাদেশ। মুরশেদ আলীর নিখুঁত পাস থেকে ডি-বক্সের ভেতর বল পেয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল। তবে সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। ফাঁকায় দাঁড়ানো সতীর্থ রোনান সুলিভানকে পাস না দিয়ে নিজেই শট নেওয়ায় গোলবঞ্চিত হয় দল।
তবে সেই আক্ষেপ ঘুচতে খুব বেশী সময় লাগেনি বাংলাদেশের। ম্যাচের ১১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে জটলার ভেতর দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ মানিক। মানিকের এই চোখধাঁধানো গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট।
এক গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। বেশ কিছু আক্রমণ সাজালেও বাংলাদেশের রক্ষণভাগের অতন্দ্র প্রহরীদের ডিঙাতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান বাড়ানোর নেশায় আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশও। কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডি-বক্সের কাছে পৌঁছে যান ইউসুফ আলি। তার পাস থেকে বক্সে বল পেয়ে গোল করেন রোনান, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে চলে সমানে সমান লড়াই। নেপাল ম্যাচে ফেরার জন্য জানপ্রাণ চেষ্টা করলেও বাংলাদেশের জমাট রক্ষণে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত মানিকের করা ওই এক গোলের লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে অপরাজিত থেকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতে পেল বাংলাদেশ।