
সংগৃহীত ছবি
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে মুলতবি প্রস্তাবে কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াত ও তাদের জোটসঙ্গী এনসিপি।
বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুরোধ সত্ত্বেও তারা সিদ্ধান্তে অটল থাকেন।
বিরোধী দল অভিযোগ করে, তাদের মুলতবি প্রস্তাব চাপা দিতে একজন স্বতন্ত্র সদস্য দিয়ে আরেকটি প্রস্তাব আনা হয়েছে। আগেরদিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে অনুষ্ঠিত আলোচনায় সরকারি দল সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দিলেও বিরোধী দল এতে রাজি হয়নি। তাদের দাবি, গণভোটসহ প্রায় ৭০ শতাংশ মানুষের রায়ের প্রতিফলন এই আলোচনায় দেখা যায়নি।
আজ পয়েন্ট অব অর্ডারে শফিকুর রহমান স্পিকারের কাছে প্রতিকারের স্পষ্ট ব্যাখ্যা চান। জবাবে স্পিকার জানান, মুলতবি প্রস্তাবের সীমাবদ্ধতা রয়েছে, তবুও উদারভাবে আলোচনার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, আইন প্রণয়নের মাধ্যমে যে বিষয় সমাধান সম্ভব, সে বিষয়ে মূলতবি প্রস্তাব সাধারণত গ্রহণযোগ্য নয়।
তবে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, তাদের মূল প্রস্তাবটিকে আড়াল করতে নতুন নোটিশ আনা হয়েছে। তিনি জানান, আগেরদিন ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংশ্লিষ্ট নোটিশাও তারা শুনেছেন। তাই দুই সিদ্ধান্তের প্রতিবাদেই তারা ওয়াকআউট করছেন।
স্পিকার ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ জানালেও বিরোধী দলের সদস্যরা সংসদীয় নিয়ম মেনে ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।