
চিফ হুইপ নূরুল ইসলাম মনি
সংবিধান সংশোধনের জন্য খুব শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, এই কমিটিতে আনুপাতিক ভিত্তিতে সব দলের প্রতিনিধি রাখা হবে, এমনকি স্বতন্ত্র সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হবে। আগামী রোববারের মধ্যেই কমিটি গঠিত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
বুধবার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে চিফ হুইপ বলেন, কমিটিতে আইন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি ও বিরোধী উভয় দলের মধ্য থেকে আইনজ্ঞানসম্পন্ন সদস্য নেওয়া হবে। অন্যান্য দল থেকে আইন বিশেষজ্ঞ না পাওয়া গেলেও প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। কমিটির সদস্যসংখ্যা ১৫ থেকে ২০-এর মধ্যে হতে পারে বলে জানান তিনি।
সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, এমনভাবে সংশোধন করা হবে যেন ভবিষ্যতে বারবার পরিবর্তনের প্রয়োজন না পড়ে। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দলও এই বিশেষ কমিটিতে যুক্ত হবে। তার ভাষায়, “এক হাতে যেমন হাত মেলা যায় না, কাঁচিও এক পাশে দিয়ে চুল কাটে না—দুই দিকই জরুরি।” তিনি বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন এখন সময়ের দাবি।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানান হয়, সংসদ অধিবেশন কক্ষে প্রতিধ্বনিহীন আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ইন্টারনেটের ধীরগতি দূর করা, সংসদ এলাকায় সুপেয় পানি নিশ্চিত করা এবং ১০ তারিখের মধ্যে সংসদ সদস্যদের জন্য বাসা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এছাড়াও অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন এবং আবুল হাসনাত।