
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিজেদের ‘শত্রুদের জন্য’ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সাফ জানিয়েছে, এই জলপথটি বর্তমানে তাদের নৌবাহিনীর ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ’ নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এই হুঁশিয়ারি দেয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে দাবি করেছেন যে, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তবে ট্রাম্পের এ দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করেন।