
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
মার্কিন জনগণের উদ্দেশে এক খোলা চিঠি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেস টিভিতে প্রকাশিত চিঠিতে তিনি বলেন, ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণবাদ বা উপনিবেশবাদী নীতি অনুসরণ করেনি, বরং যেকোনো আক্রমণের বিরুদ্ধে সবসময় দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে। তাঁর মতে, আধুনিক ইতিহাসে ইরান কখনো যুদ্ধ শুরু করেনি।
চিঠিতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেন। পেজেশকিয়ানের দাবি, ইরানকে আক্রমণাত্মক রাষ্ট্র হিসেবে তুলে ধরা ঐতিহাসিক সত্যের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি লেখেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা, যার পরিচয় শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে গড়ে উঠেছে। ইরানকে হুমকি হিসেবে দেখানোর পেছনে বহিরাগত স্বার্থ জড়িত উল্লেখ করে তিনি বলেন, এই ধারণা মূলত ক্ষমতাধর দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থরক্ষা, সামরিক আধিপত্য বজায় রাখা ও অস্ত্রশিল্প চালিয়ে যাওয়ার কৌশলের অংশ।
পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, কৌশলগত বাজার দখল এবং নিজেদের আগ্রাসী নীতি বৈধতা দিতে ইচ্ছাকৃতভাবে একটি ‘শত্রু ইমেজ’ তৈরি করা হচ্ছে, এবং সেখানে ইরানকে ব্যবহার করা হচ্ছে।
সূত্র: আল–জাজিরা