
পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ঈদ পুনর্মিলনী ও মিনা মেলা’
আনন্দঘন পরিবেশে রাজধানীর পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ঈদ পুনর্মিলনী ও মিনা মেলা’। ২৫ জন নারী উদ্যোক্তা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, উদ্ভাবনী মানসিকতা এবং সুশৃঙ্খল পরিবেশে আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। একদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া, অন্যদিকে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ সৃষ্টি করাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য।

২৫টি স্টলে ছিল বাহারি পণ্যের সমাহার
মেলায় সাজানো ২৫টি স্টলে ছিল বাহারি পণ্যের সমাহার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ঘরে তৈরি (হোম মেড) খাবার, ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, হাতের কাজের নান্দনিক পোশাক, আকর্ষণীয় জুয়েলারি, অর্গানিক খাদ্যপণ্য এবং ঘর সাজানোর ইনডোর প্ল্যান্ট।
অনুষ্ঠানে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসিমা আক্তার বলেন, “শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি আমরা উদ্যোক্তা উন্নয়নেও ভূমিকা রাখতে চাই। আগামীর দক্ষ নাগরিক গড়ে তোলার এই প্রচেষ্টায় আমরা শীঘ্রই একটি ‘উদ্যোক্তা ক্লাব’ গঠন করব, যার মাধ্যমে এই ধরনের আয়োজন নিয়মিত করা হবে।”
বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল