
ফাইল ছবি
হাওরাঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও একমাত্র বোরো ফসলের বিপর্যয় ঠেকাতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ হাওরবেষ্টিত জেলার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সন্তান শিশির মনির চিঠিতে উল্লেখ করেন, হাওর এলাকার মানুষের জীবন একক ফসল—বোরোর ওপর নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর জমে থাকা জলাবদ্ধতায় সেই ফসল ঘরে তোলা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়রা নিজ উদ্যোগে পানি সরানোর চেষ্টা করলেও তা যথেষ্ট নয়। তাই তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন—নিজে হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শনে যেতে, যাতে সমস্যার গভীরতা সরাসরি উপলব্ধি করা যায়।
আইনজীবী শিশির মনির হাওরের পানিনিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর করতে তিনটি বিশেষ সুপারিশ করেন— প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিদর্শন, জলাবদ্ধতা দূরীকরণে সেনাবাহিনী মোতায়েন, প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও তদারকির আওতায় আনা।
চিঠিতে তিনি জানান, বর্তমান সরকারের আমলে খাল খনন কর্মসূচি আবারও গতি পেয়েছে—যা একসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। দিরাই-শাল্লাসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও বেশি খাল খননের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
শিশির মনিরের অভিযোগ—হাওরে অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধগুলো পানি চলাচলে বাধা সৃষ্টি করছে, যার ফলে জনপদের ক্ষতি আরও বাড়ছে। তিনি বলেন, বৈজ্ঞানিক উপায়ে নদী ও খাল খননই একমাত্র স্থায়ী সমাধান।
প্রধানমন্ত্রীর ব্যস্ততার কথা স্বীকার করলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন—সরকারিপক্ষ সদিচ্ছা দেখালে লাখো কৃষকের জীবন বাঁচাতে এ মানবিক বিপর্যয় দ্রুতই মোকাবিলা করা সম্ভব।
হাওরের ফসল রক্ষায় স্থানীয়দের দাবি বহুদিনের, তবে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এক জ্যেষ্ঠ আইনজীবীর খোলা চিঠি বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।